ছাত্রশিবির নেতাদের সঙ্গে পাকিস্তান জামায়াতের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ছাত্রশিবির নেতাদের সঙ্গে পাকিস্তান জামায়াতের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক Masood Ghaus Aijazi।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সংগঠনের নেতাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়।

জানা গেছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে পাকিস্তান জামায়াতের এই প্রতিনিধিকে স্বাগত জানান সংগঠনটির শীর্ষ নেতারা। বৈঠকে মাসুদ গাউস আইজাজী ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং সেসব বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজের ভূমিকা, ছাত্ররাজনীতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

আলোচনা শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে অতিথি মাসুদ গাউস আইজাজীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

— পত্রিকা একাত্তর

আরও পড়ুন