কারিগরি ত্রুটিতে বিদেশের বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

কারিগরি ত্রুটিতে বিদেশের বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

ঢাকায় অবস্থিত এমআরভি (মেশিন রিডেবল ভিসা) ব্যবস্থার কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ভিসা সেবা ব্যাহত হচ্ছে। এর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও সংশ্লিষ্ট সেবা নিতে আবেদনকারীদের সমস্যায় পড়তে হচ্ছে। সোমবার দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে…

ঢাকায় অবস্থিত এমআরভি (মেশিন রিডেবল ভিসা) ব্যবস্থার কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ভিসা সেবা ব্যাহত হচ্ছে। এর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও সংশ্লিষ্ট সেবা নিতে আবেদনকারীদের সমস্যায় পড়তে হচ্ছে।

সোমবার দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সমস্যাটি সমাধানে কাজ করছে। এ কারণে সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, সম্ভব হলে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঢাকায় থাকা এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় দূতাবাসের ভিসা ও নো-ভিসা সেবা বিঘ্নিত হচ্ছে।

সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও জানায়, কেন্দ্রীয় সার্ভার চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবাগ্রহীতাদের বিষয়টি জানানো হবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বাংলাদেশি দুই মিশন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন