পশু জবাই নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির উপাচার্য ভবনের পাশে গরু জবাই
‘শুক্রবারের গরুভোজ’ কর্মসূচির জন্য শিক্ষার্থীরা ১ লাখ ২৫ হাজার টাকায় গরু কিনেছেন, অংশগ্রহণ ফি জনপ্রতি ৭০ টাকা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ভবনের পাশে গরু জবাই করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে প্রশাসন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তারই প্রতিবাদে এ আয়োজন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ভিসি ভবন ও গণিত বিভাগের মাঝের সড়কে গরুটি জবাই করা হয়। এটি ছিল আগে ঘোষিত ‘শুক্রবারের গরুভোজ’ কর্মসূচির অংশ। আয়োজনের জন্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছিলেন।
বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল গত বুধবার (১৪ অক্টোবর)। প্রক্টর দপ্তর পরিবেশের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসুরক্ষা ও শৃঙ্খলা রক্ষার কথা জানিয়ে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করে। সেখানে হুঁশিয়ারি ছিল, নির্দেশ না মানলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পরপর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। তখন জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা ‘গরুভোজ’ আয়োজনের ঘোষণা দেন। বৃহস্পতিবার গুগল ফর্মে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়, অংশগ্রহণ ফি ছিল জনপ্রতি ৭০ টাকা।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে চার দফা দাবি তোলা হয়: বিজ্ঞপ্তি প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নৈশভোজের বিষয়ে সাম্প্রদায়িক রং দেওয়ার কারণ তদন্ত, ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার মেনুতে গরু ও খাসির মাংস যুক্ত করা এবং সর্বজনীন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা।
বিজ্ঞাপন
অতিরিক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান এ প্রসঙ্গে বলেন, সুনির্দিষ্ট নিয়ম মেনে প্রশাসনের অনুমতি নিয়ে শৃঙ্খলার সঙ্গে গরুভোজ আয়োজন করা হলে কর্তৃপক্ষের আপত্তি থাকবে না।