পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা প্রত্যাখ্যান জবি শিক্ষার্থীদের
জকসুর এক নেতা ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা নির্দেশনা না মানার ঘোষণা দিয়েছেন, আগামী বৃহস্পতিবার আবার গরুভোজের ঘোষণা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে। তবে এই নির্দেশনা মানবেন না বলে ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এক নেতাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যেকোনও ধরনের পশু জবাই থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’ নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এ নিয়ে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফেসবুক পোস্টে লেখেন, ‘বিরানব্বই ভাগ মুসলিমের দেশের একটি বিশ্ববিদ্যালয়ে গরু জবাই নিষিদ্ধ করে উপাচার্য কাকে খুশি করতে চান? আপনার এসব দালালি পাশের দেশে গিয়ে করেন। আগামীকালই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি হবে, ইনশাআল্লাহ। ডিসিশন ফাইনাল।’
ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, ‘পূজার আগেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে গরু নিয়ে মিছিল করে জবাই করে গরুভোজের আয়োজন করবে, ইনশাআল্লাহ। পারলে প্রশাসন ঠেকিয়ে দেখাক।’
গত ১২ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীরা গরুর মাংসের খিচুড়ি রান্নার আয়োজন করেন। পাশেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থাকায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্য শিক্ষার্থীরা এ অভিযোগ নাকচ করেন। তাদের মতে, ক্যাম্পাসে একজন শিক্ষার্থী কী খাবেন বা কী করবেন, তা কোনো একক গোষ্ঠী বা প্রতিষ্ঠান ঠিক করে দিতে পারে না। তারা আগামী বৃহস্পতিবার ক্যাম্পাসে আবার বড় পরিসরে গরুভোজ আয়োজনের ঘোষণাও দেন।