মাদক কারবারিকে নিয়ে ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২
কালীগঞ্জে মাদক কারবারিকে আটকের পর থানায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে
গাজীপুর জেলা প্রতিনিধি · কালীগঞ্জ, গাজীপুর
প্রকাশ:
গাজীপুরের কালীগঞ্জে মাদক কারবারিকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে তিনটার দিকে তুমুলিয়া বাজার এলাকা থেকে আহিদ মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮) সড়কের পাশে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন। এসময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ভোর চারটার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনায় এসআই মিজানুর রহমান ও রফিক মোল্লা মারা গেছেন। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি আরও বলেন, 'দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।