শ্রীপুরে থানা ফটকের সামনে থেকে যুবলীগের আট কর্মী পুলিশে সোপর্দ
নিষিদ্ধ সংগঠনের মিছিল বের করলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা
গাজীপুর জেলা প্রতিনিধি · শ্রীপুর, গাজীপুর
প্রকাশ:
গাজীপুরের শ্রীপুরে শুক্রবার জুমার নামাজের পর মিছিল করার সময় যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে আটক করেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকি চারজনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মিছিলটি থানা ফটকের সামনে নয় বরং মধ্যবাজার এলাকায় হয়েছে। তিনি বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করে যাচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
স্থানীয় কয়েকটি সূত্র থেকে জানা যায়, শুক্রবার দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি এলাকা থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে তারা মধ্যবাজারের দিকে সরে যান। সেখান থেকেই আটজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।