৮০ টাকার নিচে শুধু পেঁপে ও কুমড়া, চড়া সবজির বাজার
ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে, চাল ও সয়াবিন তেলের দাম স্থিতিশীল
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
শীতের সবজি বাজারে আসার আগেই রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অন্য কোনো সবজি ৮০ টাকার নিচে মিলছে না। কোনো কোনো সবজির কেজি ১০০ টাকা, আবার আগাম শিম ১৬০ এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে এখন তা ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা কমলেও এখনো তুলনামূলক বেশি। চাল ও সয়াবিন তেলের দাম আগের সপ্তাহের মতোই স্থিতিশীল আছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজারে ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি ও পটোল কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। বেগুন ও কাঁকরোলের দাম কেজিতে ১০০ টাকা। শীতের আগাম জাতের মুলা ও ঢ্যাঁড়সও ৮০ টাকা কেজি দরে মিলছে। তবে আগাম শিমের কেজি ১৬০ টাকা। প্রতি কেজি টমেটো ১৮০ থেকে ২০০ টাকা।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা লিটন মিয়া বলেন, শীতের সবজি বাজারে আসার আগে সাধারণত দাম কিছুটা বেশি থাকে। এর সঙ্গে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় সবজির দামেও প্রভাব পড়েছে। এখন তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া। প্রতি কেজি পেঁপে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
এ ছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের কেজি ১৪০ টাকা, আর আমদানি করা রসুনের দাম আরও বেশি, কেজিপ্রতি ১৮০ টাকা। মরিচের দাম আগের সপ্তাহের মতোই আছে; প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা।
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ১৭৫ থেকে ১৮০ টাকায় নেমেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, গরমের তীব্রতা কিছুটা কমে আসায় মুরগির উৎপাদন বেড়েছে। এতে বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। কারওয়ান বাজারের একটি দোকানের কর্মী নাহিদ মিয়া বলেন, ‘এখন সরবরাহ ভালো, তাই দাম বাড়েনি।’
দুই সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের ডজন ১৬০ টাকা পর্যন্ত উঠেছিল। এখন ১০ থেকে ১৫ টাকা কমে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। বিক্রেতাদের আশা, শীতের সবজি বাজারে আসতে শুরু করলে সবজির দাম আরও কমবে।
বিজ্ঞাপন
চালের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। এক থেকে দেড় সপ্তাহ আগে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছিল চালের দাম। সেই বাড়তি দামেই এখন চাল বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ৫৫ টাকা। মাঝারি মানের আটাশ ও পাইজাম চাল মিলছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে। সরু চালের কেজি ৭৫ থেকে ৮০ টাকা।
মানভেদে বিভিন্ন ধরনের নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকা কেজি দরে। বিক্রেতারা জানান, এক থেকে দেড় সপ্তাহ আগে নাজিরশাইল চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছিল। এখনো সেই বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। তাঁদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে।
অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত আছে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২১০ টাকায়। দুই লিটারের বোতলের দাম ৪১০ টাকা।