তৃতীয় ভাষা শেখা নিয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
সাত কার্যদিবসের মধ্যে পূরণ করা ফরম মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটে পাঠাতে আঞ্চলিক কেন্দ্রগুলোকে নির্দেশ
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন তৃতীয় ভাষা শিখতে সবচেয়ে বেশি আগ্রহী, তা জানতে একটি মতামত জরিপের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে একটি বিশেষ মতামত ফরম বিতরণ করা হবে।
বিজ্ঞাপন
আঞ্চলিক কেন্দ্রগুলোকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে, পূরণ করা ফরম সংগ্রহ করে সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটে পাঠাতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ ও আগ্রহ যাচাইয়ের ফরম মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রথমে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে পাঠাবে। এরপর উপাচার্যের দিকনির্দেশনা অনুযায়ী প্রতিটি আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্বাচিত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফরমগুলো বিলি করা হবে। শিক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা ফরম সংগ্রহের সার্বিক দায়িত্বে থাকবেন আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা।
সংগৃহীত ফরম ঢাকার ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে জমা দিতে হবে। পুরো কাজ শেষ করে ফরম পাঠানোর জন্য সময়সীমা ধরা হয়েছে সাত কার্যদিবস।
বিজ্ঞাপন
নির্দেশনায় আরও বলা হয়েছে, মাঠপর্যায়ে জরিপের কাজে প্রতিটি আঞ্চলিক কেন্দ্র থেকে দুজন কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করবেন। সরকারি বিধি অনুযায়ী তাঁরা শুধু যাতায়াত ভাতা (টিএ) পাবেন। কার্যক্রম তদারকির জন্য মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোনো কর্মকর্তা আঞ্চলিক কেন্দ্রে গেলে তাঁদের সার্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।