৫০০ বছরের পুরোনো ঐতিহ্য পরিষ্কার করল বন্ধুসভা
কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ১টা পর্যন্ত বই ও পুঁথি ঝেড়ে সাজে
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি · কিশোরগঞ্জ
প্রকাশ:
২৪ অক্টোবর কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় কসাইখানা কালভার্ট-সংলগ্ন ‘ওল্ড কালেকশন’ গ্রন্থশালায় কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে বই ও পুঁথি পরিষ্কার করে সুশৃঙ্খলভাবে সাজিয়েছে।
বিজ্ঞাপন
কর্মসূচির সময় সদস্যরা গ্রন্থশালায় থাকা পুরোনো বই, পত্রিকা, ম্যাগাজিন ও হাতে লেখা পুঁথি একে একে ঝেড়ে পরিষ্কার করেন এবং ক্যাটালগ অনুযায়ী নির্ধারিত শেলফে যথাযথভাবে রাখেন; পাশাপাশি মূল্যবান সংগ্রহগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও কাজ করে।
‘ওল্ড কালেকশন’-এর কর্ণধার শরিফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই সংগ্রহশালায় দুর্লভ বই, পুরোনো পত্রিকা, ম্যাগাজিন, হাতে লেখা পুঁথি ও বিভিন্ন সময়ের ঐতিহাসিক সামগ্রী রয়েছে, যার মধ্যে প্রায় ৫০০ বছরের পুরোনো পুঁথি অন্তর্ভুক্ত।
সংগ্রহশালার কর্ণধার শরিফুল ইসলাম বলেন, “পুরোনো বই, পত্রিকা ও পুঁথি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান সম্পদ। এসব সংগ্রহের মধ্যে অতীতের সমাজ, সংস্কৃতি, সাহিত্য ও মানুষের জীবনযাপনের নানা তথ্য রয়েছে। এগুলো সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের উপকরণ ধরে রাখা।”
কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা তাফসিলুল আজিজ বলেন, “আমরা অনেক সময় ইতিহাস ও ঐতিহ্যের কথা বলি, কিন্তু সেগুলো সংরক্ষণে আমাদের নিজেদের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে খুব একটা ভাবি না। ‘ওল্ড কালেকশন’–এ কাজ করতে এসে বুঝেছি, একটি পুরোনো বই বা পুঁথিও আমাদের অতীত জানার গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। এসব সংগ্রহের যত্ন নেওয়ার মধ্য দিয়ে আমরা ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক আরও দৃঢ় করতে পারি।”
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, “বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হিসেবে এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দায়িত্ববোধ প্রকাশেরও একটি সুযোগ। আমরা চাই তরুণেরা বই পড়ার পাশাপাশি দুর্লভ বইপত্র, পুঁথি ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণেও আগ্রহী হোক। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির জন্য অর্থবহ কাজ করা সম্ভব।”