টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণ: গ্রেপ্তার তরুণের মায়ের দাবি ছেলেকে ফাঁসানো হয়েছে
মুম্বাইয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনের মধ্যে রেহান নামের এক তরুণের মা এমন অভিযোগ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে হরিয়ানার সোনিপতে গ্রেপ্তার রেহানের মা শামশিদা দাবি করেছেন যে, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’। মঙ্গলবার সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ছেলেকে ভুল বুঝিয়ে এই নোংরা কাজের ফাঁদে ফেলা হয়েছে। শামশিদা আরও জানান, কিছুদিন আগে কিছু লোক গাড়িতে করে তাদের বাড়িতে এসে রেহানকে নিয়ে যায় এবং এরপর থেকে দীর্ঘ ২০ দিন ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
বিজ্ঞাপন
গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফ হামলার শিকার হন। মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত অভিনেতার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি অক্ষত থাকলেও গাড়ির চালক ও এক পথচারী আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন সোমবার রাজস্থানের কোটা রেলস্টেশনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে হরিয়ানার সোনিপতের রেহান এবং বিহারের বেগুসরাইয়ের ঋত্বিক ওরফে রোশন রয়েছেন।
হামলার পর লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি ভিডিও বার্তায় দায় স্বীকার করেন। তার ভাষ্যমতে, ‘তাদের নির্দেশ অমান্য করা এবং অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগারকে টার্গেট করা হয়েছে’। তবে পুলিশ এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি। হামলাকারীদের মূল উদ্দেশ্য এবং নেপথ্যের চক্রকে শনাক্ত করতে মুম্বাই পুলিশের তদন্ত চলমান রয়েছে।