অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির দুই নেতা
যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার সৌরভ দাস ও আশুতোষ রানকাকে পাঁচ দিনের জন্য তিহার কারাগারে পাঠানো হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকা। তাঁদের মুক্তির জন্য আবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন
দলটির আইনজীবীরা জামিনদারদের কাগজপত্রসহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই আবেদন জমা দিয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনজীবীদের দাবি, আটকের দিন জামিনদার উপস্থিত না থাকায় সৌরভ ও আশুতোষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, দিল্লি পুলিশ এখন তাঁদের জামিনদারদের তথ্য যাচাই করছে।
অন্যদিকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির অন্য দুই নেতার একটি ছবি দিয়ে পোস্ট করেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর লেখা, এখন শুধু আমার ভাইদের মুক্তির অপেক্ষায় আছি।
পুলিশের অভিযোগ, সৌরভ দাস ও আশুতোষ রানকা শান্তি রক্ষার মুচলেকার শর্ত ভেঙেছেন এবং যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করেছেন। এ কারণে বুধবার তাঁদের পাঁচ দিনের জন্য তিহার কারাগারে পাঠানো হয়। দিল্লির এই স্থানটিকে সম্প্রতি বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তাঁদের সঙ্গে থাকা অজিঙ্কা শিন্ডে শান্তি রক্ষার মুচলেকায় সই করার পর ছাড়া পান।
পুলিশের ভাষ্য, বারবার নিয়ম ভঙ্গ, জনশান্তি বিঘ্নিত করা কিংবা অন্যদের উসকে দেওয়ার আশঙ্কা থেকেই সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে একটি বিক্ষোভে আটক হয়ে তাঁরা এক বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকায় সই করেছিলেন।
সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এক্সে তিনি লেখেন, ‘আশু ও সৌরভকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাদের অপরাধ কী? যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানো।’
প্রতিবেদন অনুযায়ী, অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন, তবে তার আগে তাঁকে নতুন একটি মুচলেকায় (পিস বন্ড) সই করতে হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিল্লি পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
বিজ্ঞাপন
তার আগে শুক্রবার দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে যাওয়ার পথে ঝান্ডেওয়ালানে নিজ বাসভবনের কাছ থেকে তাঁকে আটক করে পুলিশ।