তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
অরেঞ্জ কাউন্টির ‘নর্তে ফায়ার’ থেকে ১৬ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে তীব্র বাতাসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ছয়টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে প্রায় ৬ হাজার বাড়ির অন্তত ১৬ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিজ্ঞাপন
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) অরেঞ্জ কাউন্টির উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে ‘নর্তে ফায়ার’ নামের এই দাবানল শুরু হয়। পরে তা দ্রুত পাশের এলাকা সান হুয়ান ক্যাপিস্ত্রানোয় ছড়িয়ে পড়ে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিনির্বাপণ সংস্থা ‘ক্যাল ফায়ার’ জানায়, শুক্রবার সন্ধ্যা নাগাদ দাবানলে প্রায় ২৩১ হেক্টর পাহাড়ি বনভূমি ও এলাকা পুড়ে ছাই হয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য দুই শহরেই জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, অতিরিক্ত তাপমাত্রা, বাতাসে আর্দ্রতার মাত্রাতিরিক্ত ঘাটতি এবং ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে চলা শুষ্ক ‘সান্তা আনা’ বাতাসের কারণেই আগুন দ্রুত ছড়াচ্ছে। শনিবার রাত পর্যন্ত সেখানে চরম গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নতুন করে আগুনের সূত্রপাত ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। দমকল বিভাগের আশঙ্কা, ঝোড়ো বাতাসে বৈদ্যুতিক তারে স্ফুলিঙ্গ তৈরি হয়ে দাবানলের মাত্রা আরও বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে ড্রপ-পদ্ধতিতে হেলিকপ্টার ব্যবহারের পাশাপাশি কয়েক শ অগ্নিনির্বাপক কর্মী মাটিতে নেমে কাজ করছেন।
বিজ্ঞাপন
একই সময়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আরও দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন দমকলকর্মীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়া ‘ব্রাইসন ফায়ার’-এ প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়েছে, যার মাত্র ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। সান দিয়েগো কাউন্টির ‘হেন্ডারসন ফায়ার’-এ পুড়ে গেছে ৮৪২ হেক্টর এলাকা, আর আগুনের ২০ শতাংশ আয়ত্তে আনা গেছে। এ দাবানলের কারণে মার্কিন মেরিন কোরের অন্যতম প্রধান ঘাঁটি ‘ক্যাম্প পেন্ডলটন’ এলাকায় বড় প্রভাব পড়েছে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের একাধিক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।