ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক
তথ্যচিত্রটির ট্রেলারের বিজ্ঞাপন এর আগে মেটা ও ইউটিউবও প্রত্যাখ্যান করেছিল, পরে দুটি প্ল্যাটফর্মই অনুমতি দেয়।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর বিজ্ঞাপন প্রচারের অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টিকটক। প্ল্যাটফর্মটি জানিয়েছে, রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে টিকটকের আনুষ্ঠানিক বক্তব্য জানতে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
বিজ্ঞাপন
দ্য হলিউড রিপোর্টারের বরাতে টেকক্রাঞ্চ জানায়, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে টিকটক। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত এই তথ্যচিত্রে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
এর আগে তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের বিজ্ঞাপন মেটা ও ইউটিউবও প্রত্যাখ্যান করেছিল। পরে অবশ্য দুটি প্ল্যাটফর্মই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটা জানিয়েছিল, তাদের সিদ্ধান্তটি ছিল একটি ত্রুটির ফল। মাস্কের নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি মেলেনি।
টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানার একটি অংশ ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের হাতে। এলিসন ও মাস্ক দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক হিসেবে পরিচিত।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তথ্যচিত্রটি; পরে আরও বিস্তৃত পরিসরে এর প্রদর্শনী শুরু হয়েছে। আগামী বছর এইচবিওতে এটি স্ট্রিমিংয়ের জন্য আসার কথা রয়েছে। এইচবিও এখন প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অংশ, যার নেতৃত্বে আছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়বস্তু ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের মধ্যে একাধিক প্ল্যাটফর্মের এই বাধা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্তগুলোর পেছনে কোন ধরনের নীতিমালা প্রয়োগ করা হয়েছে, সে বিষয়ে সব প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।