পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি
লন্ডনে মিয়ানমার দূতাবাসের মাধ্যমে টেলিফোনে কথা বলেছেন কিম অ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি দীর্ঘ পাঁচ বছর পর তাঁর ছেলে কিম অ্যারিসের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার কিম অ্যারিস বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে শান্তিতে নোবেলজয়ী সু চিকে বন্দী করে রেখেছে সামরিক জান্তা।
বিজ্ঞাপন
এত দিন ৮১ বছর বয়সী সু চির বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন তাঁর ছেলে অ্যারিস। মায়ের সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে অ্যারিস বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের একজন মুখপাত্র জানান, লন্ডনে মিয়ানমারের দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন অ্যারিস। এ সময় মা ও ছেলের আলাদা দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।
মিয়ানমারে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে সু চির ১৮ বছরের সাজা ভোগ করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।