প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত
২৪২টি পদের বিপরীতে তিন লাখেরও বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল, নতুন তারিখ জানানো হবে দুই-তিন দিনে
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের পরীক্ষা হওয়ার কথা ছিল। জানা যায়, ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।
প্রশ্নফাঁসের প্রতিবাদে শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।
মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা মাহিন ইসলাম নামের এক চাকরিপ্রার্থী জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা হলে ঢোকেন এবং ওএমআর শিটও দেওয়া হয়। কিন্তু ঠিক ১০টা ৪৫ মিনিটের দিকে তাঁদের জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাহিন ইসলাম আরও বলেন, প্রশ্ন ফাঁস এ দেশের একটা ব্যাধি। আমি নোয়াখালী থেকে কাল রাতে পরীক্ষা দেওয়ার উদ্দেশে ঢাকায় এসেছি। এত দূর থেকে পরীক্ষা দিতে এসে যখন জানতে পারলাম প্রশ্ন ফাঁস হয়েছে, তখন খুব দুঃখ পেলাম। কবে নাগাদ এই প্রশ্ন ফাঁস বন্ধ হবে আর আমাদের মতো তরুণরা বেকার থেকে চাকরিজীবী হবে সে আশায় দিন গুনছি।
বিজ্ঞাপন
স্থগিত পরীক্ষা কবে হবে, তা নিয়ে গণমাধ্যমকে কথা বলেন অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক। তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।