এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও স্ত্রীসহ চারজনের ৮৩ ব্যাংক হিসাব জব্দ
হিসাবগুলোতে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে বলে জানিয়েছে দুদক; ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে আবেদনে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এসব হিসাবে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন এসব ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী আদেশটি দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক হিসাব জব্দের আদেশ পাওয়া বাকি দুজন হলেন মনিরুল ইসলামের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তাঁর স্ত্রী সানজিদা খান টুম্পা।
দুদকের তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৮৫ লাখ ১০ হাজার ২১৬ টাকা আছে। সায়লা ফারজানার পাঁচটি হিসাবে আছে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা। রেজাউল আলম শাহীনের নামে ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খান টুম্পার নামে ২৭টি হিসাবে ৮ কোটি ২ হাজার ৫১ টাকা রয়েছে।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, মনিরুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। এ ছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে।
বিজ্ঞাপন
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। এসব অর্থ তুলে নেওয়ার চেষ্টা চলছে বলেও তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।