প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী
ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি বলে মত দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্যারালিগ্যাল সেবার নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়নে সবার একমত হয়ে সিদ্ধান্ত নিলে আগামী দিনের কাজের সুস্পষ্ট দিকনির্দেশনা মিলবে। এর জন্য সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) একসঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জনবান্ধব বিচারব্যবস্থা বিনির্মাণে প্যারালিগ্যাল অ্যাডভাইজরি সার্ভিসেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালত ও কারাগারের চাপ কমানোর কাজে প্যারালিগ্যালরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন; এটি ইতোমধ্যে প্রমাণিত। প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক রূপ পেলে প্রান্তিক ও অসহায় মানুষের পক্ষে আইনি সহায়তা পাওয়া আরও সহজ হবে।
জার্মান সরকার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জিআইজেডকে এ উদ্যোগে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আইনি সেবা সহজ করতে এবং প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তাদের নিরবচ্ছিন্ন সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সহযোগিতা বিভাগের প্রধান মাইকেল ক্রেজজা ও বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ অন্যরা।
বিজ্ঞাপন
সম্মেলনে প্যারালিগ্যাল সেবার ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে নীতিমালা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্যারালিগ্যালদের আনুষ্ঠানিক স্বীকৃতি, সরকার ও এনজিওর যৌথ অংশীদারত্ব, দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সেবার মানদণ্ড ঠিক করা এবং টেকসই অর্থায়ন—এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি, লিগ্যাল এইড সংস্থা, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা এতে অংশ নেন। মালাউই, ফিলিপাইন ও কিরগিজস্তানের বিশেষজ্ঞরাও নিজ নিজ দেশের বিচারব্যবস্থায় প্যারালিগ্যাল সেবা যুক্ত করার অভিজ্ঞতা তুলে ধরেন।