গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন তিন দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক ওরফে জুয়েলসহ ১৪ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মন্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহাম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।
আসামিরা গ্রেফতারের পর থেকেই কারাগারে ছিলেন। তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন তাদের সাত দিনের রিমান্ড চান। শনিবার শুনানির জন্য আসামিদের আদালতে তোলা হলে বিচারক ১৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ লোক মিছিল করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
বিজ্ঞাপন
ওই দিনই এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।