২৫ লাখ টাকার হেরোইন উদ্ধারের মামলায় মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর কদমতলীর পোস্তগোলা এলাকায় ২৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারের মামলায় মো. মহিউদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭-এর বিচারক মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন ও ফৌজিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার আগে মহিউদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর রাত ১টা ৫ মিনিটে র্যাব-১০-এর সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন, কদমতলী থানার পোস্তগোলা থেকে পাগলাগামী সড়কে ঈগল বক্স অ্যান্ড কার্টুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সামনে কয়েকজন মাদক কারবারি হেরোইন কেনাবেচার জন্য অবস্থান করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সাদা শপিং ব্যাগ হাতে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
অভিযোগ অনুযায়ী, মহিউদ্দিনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো স্বচ্ছ পলিপ্যাকের তিনটি প্যাকেট থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এজাহারে উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা বলা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার বিবরণে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে কদমতলীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) ও ৪১ ধারায় মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২১ জানুয়ারি কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ১১ এপ্রিল আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য নেওয়া হয়।