সাভারে ছয় লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুল কারামুক্ত
জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলায় এখন পর্যন্ত তিনিই একমাত্র খালাসপ্রাপ্ত আসামি
ঢাকা জেলা প্রতিনিধি · সাভার, ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়া আসামি আবজালুল হক কারামুক্ত হয়েছেন। গত ১৩ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেলার আরিফুর রহমান।
বিজ্ঞাপন
আবজালুল হক আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি এ মামলায় রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলায় তিনিই এখন পর্যন্ত একমাত্র আসামি, যিনি খালাস পেয়েছেন এবং তাঁর কারামুক্তির মাধ্যমে ট্রাইব্যুনালের সেই রায় কার্যকর হলো।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ে এ মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড, সাতজনকে যাবজ্জীবন এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে রাজসাক্ষী হিসেবে সাবেক এসআই আবজালুল হককে ক্ষমা করা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে পুড়িয়ে হত্যা করা হয়। নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আস-সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেনের নাম জানা গেছে।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়ার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি মো. আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, পরিদর্শক নির্মল কুমার দাস ও ডিবির পরিদর্শক মো. আরাফাত হোসেন।