হোটেল রুমের কম আলোয় নিখুঁত মেকআপের কৌশল দেখালেন পরিণীতি
ইনস্টাগ্রামের ভিডিওতে ঘোরানো দেয়ালবাতি আয়নার দিকে ফেরানোর সহজ উপায় দেখিয়েছেন অভিনেত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মেকআপ কেমন দেখাবে, তা বহুলাংশে নির্ভর করে আলোর ওপর। ফাউন্ডেশন, কনসিলার বা ব্লাশ ঠিকঠাক লাগালেও আলো উপযুক্ত না হলে সাজে অসামঞ্জস্য থেকে যেতে পারে। কখনো মেকআপ অতিরিক্ত পুরু, কখনো দাগযুক্ত, আবার কখনো ত্বকের রঙের সঙ্গে বেমানান দেখায়। বিশেষ করে হোটেল রুমে মেকআপের সময় যথেষ্ট আলো না পেয়ে অনেকেই বিপাকে পড়েন।
বিজ্ঞাপন
বিয়ের অনুষ্ঠান, অফিসের বিশেষ আয়োজন কিংবা সন্ধ্যার কোনো দাওয়াতে যাওয়ার আগে নিখুঁত সাজের জন্য উপযুক্ত আলো দরকার। এর সহজ সমাধান দেখিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর কৌশল কাজে লাগাতে দামি সরঞ্জাম বা বাড়তি আলোর আয়োজন লাগে না।
ইনস্টাগ্রামে দেওয়া একটি ভিডিওতে হোটেল রুমে মেকআপের সময় আলো ব্যবহারের এই কৌশল দেখান পরিণীতি। ভিডিওতে তাঁকে বাথরোব পরে আয়নার সামনে বসে থাকতে দেখা যায়। তাঁর সামনে সাজানো ছিল মেকআপের নানা প্রসাধনী।
পরিণীতির কৌশল হলো, ঘোরানো যায় এমন দেয়ালবাতিটি মুখের দিকে সরাসরি না ফিরিয়ে আয়নার দিকে ঘুরিয়ে দেওয়া। আয়নায় আলো পড়লে তা প্রতিফলিত হয়ে চারপাশে ছড়িয়ে যায়। এতে মেকআপ করার জায়গা তুলনামূলক উজ্জ্বল হয়, মুখের বিভিন্ন অংশও স্পষ্ট দেখা যায়। ফলে মেকআপের খুঁটিনাটি ঠিক করা সহজ হয়।
নিজের সেলফি ভিডিওতে আলো বদলের আগে ও পরের পার্থক্যও দেখিয়েছেন পরিণীতি। হোটেল রুমে কিংবা ভ্রমণের সময় মেকআপ করতে বসলে তাঁর এই সহজ কৌশল কাজে আসতে পারে।
বিজ্ঞাপন
মেকআপ ত্বকে কেমন দেখাবে, তা অনেকটাই আলোর ধরন ও তীব্রতার ওপর নির্ভর করে। কম আলোয় ফাউন্ডেশন ঠিকমতো মিশেছে কি না, কনসিলার সমানভাবে লেগেছে কি না কিংবা ব্লাশ ও কনট্যুর সঠিক জায়গায় বসেছে কি না, তা বোঝা কঠিন হতে পারে। আলোর কারণে মেকআপের রংও ভিন্ন দেখাতে পারে। ঘরের কৃত্রিম আলোয় যে সাজ নিখুঁত মনে হয়, বাইরে প্রাকৃতিক আলোয় সেটিই অসমান বা অতিরিক্ত পুরু দেখাতে পারে।
মেকআপের সময় তাই কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। মুখের একদিকে বেশি আলো আর অন্যদিকে ছায়া থাকলে অসামঞ্জস্য ধরা কঠিন হয়, তাই উজ্জ্বল ও সমান আলো বেছে নিন। সম্ভব হলে জানালার কাছে দাঁড়িয়ে প্রাকৃতিক আলোয় মেকআপের রং ও ফিনিশ দেখে নিন। মুখ, গলা ও চোয়ালের সংযোগস্থলে রঙের পার্থক্য আছে কি না খেয়াল করুন এবং ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে নিন। অতিরিক্ত আলো বা ছায়ায় প্রসাধনীর রং ও তীব্রতা ভুলভাবে বোঝা যেতে পারে, তাই ব্লাশ ও কনট্যুর পরিমিতভাবে ব্যবহার করুন। সাজ শুরুর পর আলো না বদলে আগেই উপযুক্ত জায়গা বেছে নিন এবং মেকআপের আগে আলোর ব্যবস্থা ঠিক করে নিন।
পরিণীতি চোপড়া তাঁর কৌশলে দেখিয়েছেন, মেকআপের জন্য সব সময় আলাদা লাইট বা দামি সরঞ্জাম কিনতে হয় না। ঘরে থাকা আলোর সঠিক ব্যবহারেই সাজগোজ সহজ হতে পারে।
তবে আয়নায় প্রতিফলিত আলো সব সময় সমানভাবে ছড়ায় না। তাই সম্ভব হলে মেকআপের শেষ পর্যায়ে নিরপেক্ষ, উজ্জ্বল আলোয় নিজের সাজ একবার দেখে নেওয়া ভালো। এতে বাইরে বেরোনোর আগে ছোটখাটো ভুল শুধরে নেওয়া সহজ হবে।