কম সময়ে পাবদা মাছ ভুনার সহজ রেসিপি
ভাজা ছাড়াই মসলা মাখিয়ে মাঝারি ও মৃদু আঁচে রান্না, পরিবেশন গরম ভাতে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পাবদা মাছ অনেকেরই খুব প্রিয়। কেউ মাছটি ভেজে রান্না করেন, কেউ আবার না ভেজেই রাঁধতে পছন্দ করেন। যেভাবেই রাঁধা হোক, পাবদার স্বাদ আলাদা। সহজে ও কম সময়ে মজাদার পাবদা মাছ ভুনা তৈরির একটি পদ্ধতি এখানে দেওয়া হলো।
বিজ্ঞাপন
উপকরণ হিসেবে লাগবে আধা কেজি পাবদা মাছ, ১ কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া ও ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এর সঙ্গে স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ রান্নার তেল বা সয়াবিন তেল, ১ টেবিল চামচ সরিষার তেল, ১ মুঠো ধনেপাতা কুচি, ১ কাপ পানি এবং আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া নিতে হবে।
প্রথমে সরিষার তেল ও ধনেপাতা বাদে বাকি সব মসলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর সেই মসলার মিশ্রণে পাবদা মাছ দিয়ে আলতো হাতে মাখুন, যাতে প্রতিটি মাছের গায়ে মসলা ঠিকমতো লেগে যায়।
তারপর মিশ্রণে সরিষার তেল ও এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। হাঁড়ি ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। চাইলে এ সময় টমেটো টুকরো করে দিয়ে দিতে পারেন।
৫ মিনিট পর ঢাকনা খুলে সাবধানে ঝোলটা একটু নেড়েচেড়ে আরও ৫ মিনিট রান্না করুন। ঝোল কিছুটা কমে এলে ভাজা জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
বিজ্ঞাপন
সবশেষে মৃদু আঁচে আরও ৫ মিনিট রান্না করলেই সহজে ও কম সময়ে তৈরি হয়ে যাবে মজাদার পাবদা মাছ ভুনা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই মাছের পদ।