গলার ত্বকের কোমলতা ধরে রাখতে বিশেষ যত্ন
গলার ত্বক তুলনামূলক পাতলা হওয়ায় এতে দ্রুত বয়সের ছাপ ও বলিরেখা পড়ার প্রবণতা থাকে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মুখের নিয়মিত যত্নে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিনের ব্যবহার থাকলেও প্রায়ই গলার ত্বক অবহেলিত থেকে যায়। অথচ মুখের তুলনায় গলার ত্বকে বয়সের ছাপ দ্রুত দৃশ্যমান হয়, যার ফলে ত্বক ঢিলে হয়ে যাওয়া, শুষ্কতা এবং সূক্ষ্ম বলিরেখার মতো সমস্যা দেখা দেয়। 'বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার'-এর প্রধান ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, গলার ত্বক মুখের চেয়ে পাতলা এবং এতে তেল উৎপাদনকারী গ্রন্থি কম থাকে। এছাড়া নিয়মিত সূর্যের আলো ও ঘাড়ের নড়াচড়ার কারণে এই অংশে দ্রুত কুঁচকে যাওয়া ভাব ফুটে ওঠে।
বিজ্ঞাপন
বয়স বাড়ার সঙ্গে কোলাজেন ও স্থিতিস্থাপকতা কমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সূর্যের অতিবেগুনি রশ্মি, ত্বকের শুষ্কতা, বংশগত বৈশিষ্ট্য এবং দীর্ঘ সময় মাথা নিচু করে মোবাইল বা বই পড়ার অভ্যাসের কারণে গলায় ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। শারমিন কচি বলেন, ত্বকের স্বাভাবিক সুরক্ষা বজায় রাখতে গ্লিসারিন ও সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করা জরুরি। সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিহীন ও মৃদু প্রসাধনী ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অনেকে বয়সের ছাপ কমাতে রেটিনলযুক্ত প্রসাধনী ব্যবহার করেন, তবে গলার ত্বক সংবেদনশীল হওয়ায় শুরুতে অল্প পরিমাণে ও সপ্তাহে কম দিন এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেটিনল ব্যবহারে ত্বক জ্বালাপোড়া, লালচেভাব বা চুলকানি দেখা দিলে তা বন্ধ করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এছাড়া রেটিনল ব্যবহারের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখা ও দিনে রোদ থেকে সুরক্ষা নেওয়া আবশ্যক।
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দৃঢ়তা নষ্ট করে ফেলে, তাই মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। প্রতিদিন সকালে মুখ ও গলার পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে এবং বাইরে দীর্ঘ সময় থাকলে বিরতিতে পুনরায় তা ব্যবহার করতে হবে। রূপবিশেষজ্ঞ শারমিন কচি আরও বলেন, গলার ত্বকে ম্যাসাজ করলে সাময়িকভাবে রক্তসঞ্চালন বাড়ে, তবে জোরে ঘষা বা টানাটানি করা উচিত নয়। পর্যাপ্ত ময়েশ্চারাইজার মেখে হালকা হাতে মালিশ ও নিয়মিত পরিচর্যা বজায় রাখলেই দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব।