রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান
২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে দাম্মাম বিমানবন্দরের অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে সেই রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা আছে সংস্থাটির।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুই দফায় ২১ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিত থাকার ঘোষণা দিয়েছিল বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট অবশ্য যথারীতি চলছে। এই দুই বিমানবন্দর ব্যবহার করে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার কথা ভেবে মদিনা রুটে বেশি আসনের উড়োজাহাজ চালাচ্ছে বিমান। এই ব্যবস্থা আগামীকাল রোববার পর্যন্ত থাকবে। সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলবে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে জেদ্দা রুটে বাড়তি ফ্লাইট চালানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।