সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর
হাসপাতাল, স্কুল-কলেজ ও কোয়ার্টারের পাশাপাশি মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাতও দেখেছেন তিনি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা মিলিয়ে সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাতও তিনি ঘুরে দেখেন।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর নানা এলাকায় ঘোরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা দেখেন।
সবার আগে প্রধানমন্ত্রী যান উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে। তারপর যান রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে।
পরিদর্শনের অংশ হিসেবে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজেও যান তিনি।
পরে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
এরপর তিনি যান নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে। সেখানে শিক্ষার্থীদের সামনে বক্তব্য রেখে তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারেও যান প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময় বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি দুই সপ্তাহের সময় দেন। এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নত করতে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দিয়েছিলেন তিনি।
একপর্যায়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে গিয়ে প্রধানমন্ত্রী দেখেন, তিনি ধূমপান করছেন। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন ছিল। এ ঘটনায় হাসপাতালের চেয়ারম্যানকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিজ্ঞাপন
মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাথ পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
এই আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার ওপর তিনি জোর দেন।