আজিমপুর সরকারি কোয়ার্টারের পরিচ্ছন্নতায় দুই সপ্তাহের সময় দিলেন প্রধানমন্ত্রী
আকস্মিক পরিদর্শনে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোয়ার্টারটি আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী কোয়ার্টারের এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান তিনি। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে বলেন সংশ্লিষ্টদের।
এ সময় কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানান তাঁরা। প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।
পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।