জয়পুরহাটে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন পরিচালক মাহফুজ খানম
পরিদর্শন শেষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা প্রতিনিধি · কালাই, জয়পুরহাট
প্রকাশ:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক মাহফুজ খানম সোমবার দুপুরে জয়পুরহাটের দুটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে সেখানকার সার্বিক কার্যক্রম ও পরিবেশ যাচাই করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে তিনি সেবাগ্রহীতাদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। পরে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ খানম বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেবাকেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং প্রসূতিদের নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে হবে।" তিনি মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক ও যত্নবান হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. জাকারিয়া হোসেন, সহকারী পরিচালক (সিসি) ডা. আব্দুল আহাদসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলসুমা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাইফুল ইসলাম অংশগ্রহণ করেন।