সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রংপুর যাওয়ার পথে শিক্ষার্থীদের খেলার সামগ্রী উপহার দিলেন ও সেলফি তুললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক · সৈয়দপুর, নীলফামারী
প্রকাশ:
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামানো হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তাদের হাতে বিভিন্ন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
বিজ্ঞাপন
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরের দিকে যাওয়ার সময় শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। শিক্ষার্থীদের দেখে তিনি গাড়ি থামান এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। এরপর তিনি শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বুলেটপ্রুফ বাসে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে তাঁকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যাবেন। এরপর তিনি রাজশাহী গিয়ে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বেলা ২টা ১৫ মিনিটে তিনি রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন এবং বেলা ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। বিকেলে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।