চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে এসেছেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক · চট্টগ্রাম
প্রকাশ:
শারদীয় দুর্গোৎসবের অংশ হিসেবে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভা উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে একটি সামরিক বিমানে করে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং স্থানীয় সংসদ সদস্যসহ জেলা ও মহানগরের নেতারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধানমন্ত্রী জেএম সেন হল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া সন্ধ্যায় তার একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। চট্টগ্রাম সফর শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর পৌঁছে তিনি রংপুরে যান এবং তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় অংশ নেন, পাশাপাশি রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
বিকেল ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন। সেখানে তিনি ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।