অনশনস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা, পুলিশে সোপর্দ করল ছাত্রদল
ছাত্রদলের সহায়তায় পুলিশ তাদের শাহবাগ থানায় নিয়ে গেছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের চলমান অনশন কর্মসূচিতে তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদধারী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা সেখানে অনশন শুরু করেন। অনশনকারীদের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হলের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ বিষয়ে ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন বলেন, ‘আমরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশন থেকে পেয়েছি। তাঁরা বিভিন্ন পদে পোস্টেড ছিলেন। পরে পুলিশ এসে তাঁদের তুলে নিয়ে গেছে।’
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, প্রক্টরিয়াল টিমের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।