কুমিল্লায় ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১৭
‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লা জেলা প্রতিনিধি · কুমিল্লা
প্রকাশ:
কুমিল্লা নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল করেছেন। গতকাল শুক্রবার দুপুরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে এই মিছিলটি করা হয়। ঘটনার পর মিছিলে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী কাইয়ুমসহ মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বেলা ১টা ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের এই মিছিলটি হয়। মিছিলের পরপরই অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক কাইয়ুম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার কর্মী এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। তাঁর বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়ায়। কাইয়ুমের সঙ্গে মিছিলে অংশ নেওয়া আজিজুর রহমান, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীদের কয়েকজনের হাতে লাঠি ছিল এবং তারা মাস্ক পরে ছিলেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, শুক্রবার দুপুরে নুরপুর তেলিকোনা সড়কে প্রথমে কয়েক যুবককে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে দেখা যায়, পরে তারা হঠাৎ ব্যানার বের করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।
পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান দাবি করেন, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসিন বাহারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কাইয়ুমের নিয়মিত যোগাযোগ ছিল। পুলিশের ধারণা, তাহসিন বাহারের নির্দেশে কুমিল্লার পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে এই ঝটিকা মিছিল করা হয়েছে। আটকের পর কাইয়ুমের মুঠোফোনে এ-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।