২০২৭ সালের হজের প্রস্তুতি: ৭৮ দেশের হজ অফিসের সঙ্গে সৌদির বৈঠক
হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা; প্রস্তুতি শুরু হয়েছিল গত মে মাসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিকভাবে প্রস্তুতি বৈঠক করেছে। হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর আগেই প্রস্তুতি, পরিচালন পরিকল্পনা ও সেবার বিভিন্ন বিষয় সমন্বয় করার লক্ষ্যে এসব বৈঠক হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বৈঠকগুলোতে হজের প্রস্তুতির বিভিন্ন ধাপে কতটা অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়েও কথা হয়।
হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা হজযাত্রীদের সচেতনতা ও দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনায় প্রযোজ্য নিয়মকানুন নিয়েও আলোচনা করেন।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসের প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রস্তুতির কোনো ধাপে সমস্যা দেখা দিলে তা আগেভাগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য দায়িত্ব ও সময়সীমাও ঠিক করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত মে মাসে। তখন বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। একইসঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমেরও ব্যাপক মূল্যায়ন করা হয়।
বিজ্ঞাপন
সৌদি কর্তৃপক্ষ বলছে, আগাম ও সমন্বিত পরিকল্পনার উদ্দেশ্য হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হজের বিভিন্ন কার্যক্রম আগাম সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান ও সৌদি কর্তৃপক্ষের মধ্যকার সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।