নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার
সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি, ওয়ানডেতে নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব এখন নাহিদা আক্তারের হাতে। অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিগার সুলতানার জায়গায় তাকে বেছে নিয়েছে বিসিবি, আর সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারিকে।
বিজ্ঞাপন
এশিয়ান গেমসের পরই টি-টোয়েন্টির অধিনায়কত্ব না রাখার সিদ্ধান্ত নেন নিগার। নিজের খেলায় বাড়তি মনোযোগ দিতেই নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন বলে জানান তিনি। ক্রিকবাজ আগেই খবর দিয়েছিল, উত্তরসূরির দৌড়ে নাহিদাই সবার আগে আছেন।
নতুন অধিনায়ক বাছাই নিয়ে ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদেরসহ অন্যদের সঙ্গে আমরা বসেছিলাম। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’
বিসিবির বিবেচনায় নাহিদাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে। ২০২২ সালে নিগার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকে দলের সহ-অধিনায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন নাহিদা।
রফিকুল ইসলামের ভাষ্য, নাহিদা অনেক দিন ধরেই সহ-অধিনায়কের ভূমিকায় আছেন। তাই এখন তারা মনে করছেন, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে।
বিজ্ঞাপন
তবে ওয়ানডেতে নিগারই অধিনায়ক থাকছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি খেলতে এরপর থাইল্যান্ডে যাবে বাংলাদেশ নারী দল। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতায় অভিযান শুরু করবে তারা।