ব্যাটিংয়ে বারবার একই ভুল হচ্ছে, বললেন তাসকিন
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর ফাইনালে খেলার আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পেসার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
আবুধাবির ব্যাটিং-সহায়ক উইকেটে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রান তাড়া করা বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা ছিল না, মনে করেন তাসকিন আহমেদ। তার ধারণা, অন্তত এই উইকেটে ২৭০ রান জয়ের মতো সংগ্রহ ছিল না। অথচ ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় হারের পর ব্যাটিং ব্যর্থতায় হতাশা লুকাননি এই পেসার।
বিজ্ঞাপন
শনিবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। বোলিংয়ে ভালো শুরুর সুবাদে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল দলের সামনে, তাসকিন নিজেই তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। তবে ব্যাটিংয়ের বেহাল দশায় সেই চেষ্টা বৃথা যায়।
লক্ষ্য তাড়ার সাম্প্রতিক পরিসংখ্যানও দুশ্চিন্তার। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে সর্বশেষ ১০ ইনিংসের আটটিতেই ২৪০ বা তার বেশি রান তাড়া করতে পারেনি দলটি। তাওহীদ হৃদয়ের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেও এই ধারা বদলায়নি। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস, তবে তাসকিন এই অভিজ্ঞ ব্যাটারের না থাকাকে হারের অজুহাত বানাতে চান না।
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘২৭২ রান অবশ্যই তাড়া করা সম্ভব ছিল, অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে।’
একটি জুটি দাঁড়ালেই ম্যাচের গতিপথ বদলে যেতে পারত, এমনটাই মনে করেন তাসকিন। তার কথায়, ‘আমরা আসলে ভালো খেলিনি। এই রান তাড়া করা উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা একটিও জুটি গড়তে পারিনি। একটি জুটি হলে ম্যাচটা বের করে আনতে পারতাম। কিন্তু ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল হচ্ছে।’
বিজ্ঞাপন
বোলিংয়ে কিছুটা ধারাবাহিকতা ফিরলেও ব্যাটিংয়ে সেই উন্নতি চোখে পড়ছে না, বলেন তাসকিন। তার মতে, এই ম্যাচ ব্যাটারদেরই জেতানো উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা পারেননি। তবে সিরিজে একটি ম্যাচ এখনো বাকি। তাসকিন বলেন, ‘আশা করি, আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব এবং ফাইনালে খেলতে পারব।’