চোয়ালের হাড় ভেঙেছে এমিলিয়ানো মার্টিনেজের, অস্ত্রোপচার সফল
আর্জেন্টিনার প্রতিবেদনে আশঙ্কা, গোলরক্ষক কমপক্ষে ৪০ দিন মাঠের বাইরে থাকবেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গতকাল এভারটনের বিপক্ষে জয়ের ম্যাচে চোয়ালের হাড় ভেঙে গুরুতর আঘাত পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর মাঠে প্রায় ১০ মিনিট চিকিৎসা দেওয়া হয় এই গোলরক্ষককে, এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ব্রান্থওয়েট অবশ্য খেলা চালিয়ে যাওয়ার অনুমতি পান। অন্যদিকে ল্যান্সারে করে মাঠ ছাড়ার আগে মার্টিনেজকে দীর্ঘক্ষণ নিথর হয়ে মাঠে পড়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয় কিছু লোক তাকে উদ্দেশ করে দুয়োধ্বনি দেয়।
বিজ্ঞাপন
ম্যাচের পর চেলসির ম্যানেজার জাবি আলোনসো নিশ্চিত করেন, মার্টিনেজ ভালো আছেন। তার চেতনা ছিল এবং তিনি একটি স্থানীয় হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তবে পরবর্তী প্রতিবেদনে জানা গেছে, পরীক্ষায় তার চোয়াল ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এর জন্য অস্ত্রোপচার লাগবে।
ভাঙাটা খুব বেশি মারাত্মক ছিল না। তবে আর্জেন্টিনার বেশ কিছু প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, তিনি ‘কমপক্ষে ৪০ দিন’ মাঠের বাইরে থাকবেন। এ ধরনের আঘাতে এটি বেশ দ্রুত সেরে ওঠার সময়সীমা হলেও আঘাতের তীব্রতার ওপর নির্ভর করে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে। মার্টিনেজ মানসিকভাবে যত দ্রুত সম্ভব ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। সদ্য সেরে ওঠা হাড় সুরক্ষিত রাখতে তিনি হয়তো ফেস মাস্ক পরে খেলবেন।
মার্টিনেজ নিজেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ‘কয়েক সপ্তাহের মধ্যে’ ফিরে আসবেন।
তিনি লেখেন, ‘বার্তার জন্য সবাইকে ধন্যবাদ, অস্ত্রোপচার ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ক্লিন শিট রেখে জিতেছি। আমি কয়েক সপ্তাহের মধ্যে ফিরে আসবো।’
বিজ্ঞাপন
মার্টিনেজের অনুপস্থিতিতে তরুণ মাইক পেন্ডারসকে গোলপোস্টের নিচে দায়িত্ব নিতে হবে। ২১ বছর বয়সী এই গোলরক্ষক চলতি মৌসুমে দুটি লিগ কাপ ম্যাচেই মূল একাদশে ছিলেন। মার্টিনেজের বদলি হিসেবে শেষ ৩০ মিনিট খেলে প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়।