মাহফিজুলের সেঞ্চুরি, জাকিরের টানা তিন ফিফটি
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে তিন ম্যাচে বোলারদের দাপট, কক্সবাজারে ব্যতিক্রম
খেলা ডেস্ক · সিলেট
প্রকাশ:
তৃতীয় রাউন্ডের প্রথম দিনে তিন ম্যাচেই ছিল বোলারদের দাপট, তবে কক্সবাজারে বোলাররা ব্যর্থ হয়েছে। সেখানে সারা দিনে মাত্র চারটি উইকেট পড়েছে।
বিজ্ঞাপন
৭০ ও ১০০ রানের দুটি ইনিংস খেলেই এবারের জাতীয় লিগ শুরু করেছিলেন ময়মনসিংহ বিভাগের ওপেনার মাহফিজুল ইসলাম। কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি পেয়ে গেলেন আরেকটি সেঞ্চুরি। ২৩৭ বলে ৯টি চার ও ১টি ছক্কা মেরে ১১৬ রানে অপরাজিত আছেন মাহফিজুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। দিন শেষে তাঁর দল ৪ উইকেটে ২২৬ রান তুলেছে।
৬০ ও ৬৫ রানের পরে এবার অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় ফিফটি পেয়েছেন সিলেট বিভাগ অধিনায়ক জাকির হোসেন। এবারের লিগে তিন ম্যাচে তিনবারই ব্যাটিং করেছেন সিলেট ওপেনার। পায়ের পেশিতে টান পড়ায় আজ মাঠ ছাড়তে বাধ্য হন জাকির।
চট্টগ্রামে সিলেট দল ভালো করতে পারেনি। রংপুরের বিপক্ষে তৃতীয় রাউন্ডের প্রথম দিনে ১৭৯ রানে অলআউট হয়েছে সিলেট। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন খালেদ আহমেদ। রংপুরের পেসার মেহেদী হাসান ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট। দিন শেষে রংপুর ১ উইকেটে ৩২ রান তুলেছে।
সিলেট একাডেমি মাঠে খুলনা–চট্টগ্রাম ম্যাচে প্রথম দিনে পড়েছে ১৩টি উইকেট। খুলনা ২০১ রানে অলআউট হওয়ার পর ৩ উইকেটে ৭২ রান তুলে দিন শেষ করেছে চট্টগ্রাম। খুলনার হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন উইকেটকিপার ইমরানউজ্জামান এবং ওপেনার আজিজুল হাকিম ৪২ রান করেছেন। চট্টগ্রামের পেসার আহমেদ শরীফ ৪০ রানে ৩টি উইকেট নিয়েছেন।
বিজ্ঞাপন
রাজশাহীতে বরিশাল ২২৯ রানে অলআউট হয়েছে। রাজশাহীর অভিজ্ঞ স্পিনার সানজামুল ইসলাম পেয়েছেন ৪ উইকেট। ১১.১ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া বাঁহাতি পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট। বরিশালের উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ রান। দিন শেষে রাজশাহী ১ উইকেটে ২৪ রান তুলেছে।