রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার দায়ে শাস্তি পেলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো বা ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে। এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চলতি মাসের শুরুর দিকে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন রোনালদো। পরবর্তীতে পর্তুগালের কোচ জর্জ জেসুস তার ভূমিকা নিয়ে কথা দিয়েও তা রাখেননি এমন অভিযোগ তুলে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগেই কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। তবে কোচ জর্জ জেসুস রোনালদোর সঙ্গে কোনো সমঝোতার কথা অস্বীকার করলেও তার জাতীয় দলে ফেরার পথ খোলা আছে বলে জানিয়েছেন।
ঘটনার পর সমর্থকদের অভিবাদন না জানানো ও সতীর্থদের ফেলে চলে আসার জন্য ক্ষমা চেয়েছেন রোনালদো। তিনি জানান, এই ঘটনার ফলে যেকোনো শাস্তি ভোগ করার পর তিনি আবারও জাতীয় দলে ফেরার জন্য তৈরি আছেন। ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, রোনালদো ইচ্ছাকৃতভাবে ফেডারেশনের শৃঙ্খলাবিধি ভেঙেছেন। তবে এই নিষেধাজ্ঞা কোন কোন ম্যাচ বা কার্যক্রমে প্রযোজ্য হবে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
পর্তুগিজ এফএ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টি সমাধান হয়ে গেলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবারও জাতীয় দলে ফেরত দেখতে চায়। আগামী ১৫ নভেম্বর নিজেদের পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।