আবারও ঢাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ভুটান সফর শেষে দোহাগামী যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতিতে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা প্রধান
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ভুটান সফর শেষে দোহাগামী ফ্লাইট ধরার পথে ট্রানজিট হিসেবে ঢাকায় যাত্রা বিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে নির্ধারিত সময়ের কিছুটা আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম ও সাব্বির আহমেদ আরেফসহ অন্যান্য কর্মকর্তারা।
বিজ্ঞাপন
প্রায় আধঘণ্টার এই যাত্রাবিরতিতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আন্তরিক ও অনানুষ্ঠানিক আড্ডায় মেতে ওঠেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান। এসময় বাফুফের কর্মকর্তা আরিফ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালে রসিকতা করে ফিফা সভাপতি বলেন, মাত্র এক-দুদিন আগেই তো তারা তাকে ফুল দিয়েছেন। জবাবে ফাহাদ করিম বলেন, ‘বাংলাদেশ হচ্ছে আতিথেয়তার দেশ। আপনি যতবার আসবেন, ততবারই আমরা আপনাকে ফুল দিয়ে এভাবেই বরণ করে নেব।’
সাক্ষাৎকালে ফিফা সভাপতির হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি তুলে দেওয়া হয়, যার পেছনে ছিল তার পছন্দের ৯ নম্বর। জার্সিটি পেয়ে অবাক হন ইনফান্তিনো। এছাড়া তার সফরসঙ্গী তিন সদস্যকেও নতুন জার্সি উপহার দেওয়া হয় এবং বিমানবাহিনীর রেফারি জসিম তাকে একটি ক্যাপ ও টি-শার্ট উপহার দিলে তিনি তা পরে ছবি তোলেন।
আড্ডার পাশাপাশি দেশের ফুটবলের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। ঘরোয়া লিগ ও ফুটবলের কাঠামোগত উন্নয়নে বাফুফের বর্তমান কার্যক্রমের প্রশংসা করেন ইনফান্তিনো। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে আঞ্চলিক পর্যায়ে ক্লাবভিত্তিক টুর্নামেন্ট বা কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন তিনি।
মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ইনফান্তিনোর দুবার বাংলাদেশে আসাকে দেশের ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তার মতে, ফিফা সভাপতির এই সফর বাংলাদেশের ফুটবলের গুরুত্ব ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। এছাড়া ফিফা ও ইনফান্তিনোর নিজস্ব যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বাংলাদেশকে নিয়ে রিলস ও সংবাদ প্রকাশের বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।