সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস আল ইসলাম
আইসিসির বিধিমালার আওতায় ২৯ বছর বয়সী এই স্পিনারকে দিতে হবে বোলিং অ্যাকশন পরীক্ষা।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
এশিয়ান গেমসে টি-টুয়েন্টি সংস্করণে অভিষেক হওয়ার পর গতকাল শারজায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে আলিস আল ইসলামের। জাতীয় দলের হয়ে দুই ফরম্যাটে অভিষেকের রেশ না কাটতেই দুঃসংবাদ পেয়েছেন তিনি। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় তাকে এখন পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞাপন
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমিরাতের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন–বিষয়ক বিধিমালা অনুযায়ী, এখন আইসিসির স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে তার বোলিং অ্যাকশনের মূল্যায়ন করা হবে। পরীক্ষায় অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে তার বোলিং সাময়িকভাবে নিষিদ্ধ হবে এবং অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়নে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন অবশ্য নতুন নয়। ২০১৯ সালের বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করার পর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সে বছরের অক্টোবরে পরীক্ষা দিয়ে তিনি ছাড়পত্র পান। গত বছর বিপিএলের সময়ও আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল, পরে বিসিবির তত্ত্বাবধানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে তিনি পাস করেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর আবারও প্রশ্নবিদ্ধ হলো আলিসের অ্যাকশন।