আসল নাকি নকল আইফোন, চেনার সহজ কয়েকটি উপায়
প্যাকেজিং, সিরিয়াল নম্বর, আইএমইআই ও আইওএস দেখে যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
অ্যাপলের তৈরি আইফোন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। উচ্চপ্রযুক্তির সুনির্দিষ্ট ফিচার ও প্রিমিয়াম মানের কারণে বিশ্ববাজারে এর চাহিদা ব্যাপক। তবে আইফোনের এই বাড়তি জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাজারে ছেয়ে গেছে হুবহু আসল ফোনের মতো দেখতে ভুয়া বা নকল ফোন।
বিজ্ঞাপন
অনুমোদিত অ্যাপল স্টোর থেকে ফোন কিনলে সাধারণত কোনো ঝুঁকি থাকে না। কিন্তু অননুমোদিত থার্ড-পার্টি বিক্রেতার কাছ থেকে কিনলে কিংবা অনভিজ্ঞ বাজারে মেরামত করতে দিলে অনেক সময় ভুয়া ফোন দিয়ে প্রতারণার খবর মেলে। উৎসবকেন্দ্রিক ছাড়ের সময় বা যেকোনো সময় নতুন, ব্যবহৃত অথবা পুরোনো ফোন কেনার আগে আসল-নকল চেনার মূল উপায়গুলো নিচে তুলে ধরা হলো।
প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পরীক্ষা: অ্যাপল তাদের পণ্যের প্যাকেজিংয়ে অত্যন্ত সূক্ষ্ম নজর দেয়। আসল আইফোনের বক্স বেশ শক্তপোক্ত হয়, তার ওপরের ছবি ও লেখা থাকে স্পষ্ট ও নিখুঁত। ভেতরের চার্জিং ক্যাবলসহ অন্যান্য উপাদানও অ্যাপলের মানসম্মত হবে। নিম্নমানের প্রিন্টিং, হালকা প্যাকেজিং কিংবা ভেতরে আলাদা ব্র্যান্ডের ক্যাবল দেখলে সতর্ক হতে হবে।
সিরিয়াল নম্বর ও আইএমইআই যাচাই: আসল আইফোন চেনার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় সিরিয়াল নম্বর ও আইএমইআই কোড পরীক্ষা। ফোনের ‘Settings > General > About’-এ গিয়ে সিরিয়াল নম্বর নিতে হবে, তারপর অ্যাপলের অফিশিয়াল ‘Check Coverage’ ওয়েবসাইটে সেটি দিয়ে খুঁজতে হবে। ফোন আসল হলে সেখানে মডেল ও ওয়ারেন্টির বিস্তারিত দেখা যাবে। এ ছাড়া ফোনে ‘*#06#’ ডায়াল করে পাওয়া আইএমইআই নম্বর সিম ট্রে ও বক্সের নম্বরের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়।
মূল আইফোন হাতে নিলেই এর প্রিমিয়াম ও শক্ত গঠন টের পাওয়া যায়। বাটনগুলো ঠিকঠাক কাজ করবে, পেছনের অ্যাপল লোগো হবে মসৃণ এবং সঠিক জায়গায় বসানো। ডিসপ্লে, ফোনের ওজন ও মেটালের ফিনিশিং অ্যাপলের নির্দিষ্ট মানের সঙ্গে হুবহু মিলবে। নকল ডিভাইসে লোগোর অসঙ্গতি বা ঢিলেঢালা বাটন সহজেই ধরা পড়ে।
বিজ্ঞাপন
আসল আইফোন সব সময় অ্যাপলের নিজস্ব আইওএস অপারেটিং সিস্টেমে চলে, যা ‘Settings > General > Software Update’-এ গিয়ে পরীক্ষা করা যায়। অনেক নকল ফোনে অ্যান্ড্রয়েডকে দেখতে আইওএসের মতো সাজানো থাকে। পাওয়ার বাটন চেপে বা ‘হেই সিরি’ বলে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালুর চেষ্টাও করা যেতে পারে। সিরি কাজ না করলে ফোনটি নকল হওয়ার বড় আশঙ্কা থাকে।
এসব বিষয়ে কোনো অসঙ্গতি বা সন্দেহ দেখা দিলে শতভাগ নিশ্চিত হতে সরাসরি অনুমোদিত অ্যাপল সার্ভিস সেন্টারে গিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো।