রাজধানীতে শুরু ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম
আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে তিন দিনের ফোরামে ১২টি অধিবেশনে দুই শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ইন্টারনেট গভর্ন্যান্সে কী নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি হচ্ছে, তা নিয়ে আলোচনার জন্য শুরু হয়েছে ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম-২০২৬। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফোরামের উদ্বোধন করা হয়, যা চলবে তিন দিন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। ১২টি অধিবেশনে দুই শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, শুরুতে বাংলাদেশে ভয়েস কলের কানেক্টিভিটি নিশ্চিত করাই ছিল প্রধান লক্ষ্য। সময়ের পরিক্রমায় ভয়েস থেকে ডাটা পেরিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা প্রবেশ করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগের জন্য বিদ্যমান কর্মপ্রবাহ এবং পরিচালন কাঠামোয় পুনর্বিন্যাস প্রয়োজন।
বিশ্বে সপ্তম বৃহত্তম ভাষা বাংলা হলেও ইন্টারনেটে এর উপস্থিতি মাত্র ০.১ শতাংশ, বলেন তিনি। তাই মানসম্মত বাংলা কনটেন্ট ও এআইভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করে গ্রামপর্যায়ে ইন্টারনেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল উর রহমান (অব.) সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সাইবার কৌশল আরও জোরদার করার কথা বলেন। ডিপফেক ও স্বয়ংক্রিয় ফিশিংয়ের মতো এআই-নির্ভর হুমকি সম্পর্কেও সতর্ক করেন তিনি।
সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার জয়েস চেন। অনলাইন নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভা থেকে অনলাইনে যোগ দিয়ে জাতিসংঘ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের বিশেষজ্ঞ আনজা গেঙ্গো বলেন, শিশুদের অনলাইন সুরক্ষা ও নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
বিজ্ঞাপন
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদার জোর দেন শহর ও গ্রামের বৈষম্য ঘুচিয়ে অন্তর্ভুক্তিমূলক নীতি তৈরির ওপর। স্বাগত বক্তব্যে জাতিসংঘের মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেশন গ্রুপের সদস্য এ. এইচ. এম. বজলুর রহমান বলেন, মানবাধিকার ও লিঙ্গসমতা বজায় রেখে প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।
আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই ফোরাম। এতে এআই নীতি, সাইবার নিরাপত্তা, ডাটা গভর্ন্যান্স ও ডিজিটাল অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হবে।