অজানা নম্বর থেকে কল চেনাতে কলার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করছে ভারত
২০২৬ সালের ১ নভেম্বর থেকে সব টেলিকম সেবাদাতাকে কলিং নেম প্রেজেন্টেশন চালুর নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মোবাইলে অজানা নম্বর থেকে কল পাওয়ার দিন ভারতে শেষ হতে চলেছে। দেশটির টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) সব টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানকে (টিএসপি) আগামী ২০২৬ সালের ১ নভেম্বর থেকে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনএপি) চালুর নির্দেশ দিয়েছে। ভারতের এই যাচাইকৃত কলার আইডেন্টিফিকেশন সিস্টেম চালু হলে কল এলে স্ক্রিনে কলারের নম্বর ও নাম দেখতে পাবেন গ্রাহক।
বিজ্ঞাপন
সরকারি নির্দেশনা অনুযায়ী, ৪জি ও ৫জি-র মতো উচ্চগতির নেটওয়ার্কের প্রতিটি গ্রাহকের জন্য পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। তবে ২জি ও ৩জি নেটওয়ার্ক এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কে এটি চালুর বিষয় আলাদাভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
নতুন পদ্ধতিতে কল এলে স্ক্রিনের প্রথম ফিল্ডে কলারের নম্বর এবং দ্বিতীয় ফিল্ডে গ্রাহকের ফোনে সংরক্ষিত নাম দেখা যাবে। নম্বরটি সংরক্ষিত না থাকলে টেলিকম অপারেটরের গ্রাহক ডাটাবেজে ওই নম্বরের বিপরীতে থাকা মূল নাম ভেসে উঠবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে লেখা থাকবে ইন্টারন্যাশনাল কল। এ জন্য প্রতিটি টেলিকম অপারেটরকে গ্রাহকদের নাম ও নম্বরের মানচিত্রসহ ডাটাবেজ তৈরি ও পরিচালনা করতে হবে।
তবে গ্রাহকের সুরক্ষায় কল শেষ হওয়ার পর নাম-সংক্রান্ত তথ্য ডাটাবেজে জমা থাকবে না। এ ছাড়া যেসব গ্রাহক ‘কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন’ সুবিধা নিয়েছেন, তাঁদের নাম দেখানো হবে না।
ব্যবসায়িক বা বাল্ক কানেকশনের ক্ষেত্রে ট্রেডমার্ক বা জিএসটি পোর্টালে নিবন্ধিত পছন্দসই নাম প্রদর্শনের সুযোগ থাকবে, যা সংশ্লিষ্ট অপারেটর যাচাই করবে। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার ২০২৪ সালের সুপারিশ এবং সাম্প্রতিক ট্রায়াল শেষে ১ নভেম্বর থেকে এই ঐতিহাসিক নিয়ম কার্যকর হতে যাচ্ছে।