বরফে ঢাকা কাশ্মীরের বানিহালে বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ভাইরাল
ভিডিও দেখে নেটিজেনদের অনেকে কাশ্মীরকে ‘মিনি সুইজারল্যান্ড’ আখ্যা দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
শীতের কাশ্মীর মানেই বরফে ঢাকা পাহাড়, সাদা চাদরে মোড়া গাছপালা আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। এ দৃশ্য দেখতে প্রতিবছর অসংখ্য পর্যটক সেখানে ভিড় করেন। এবার কাশ্মীরের সৌন্দর্য উপভোগের নতুন আকর্ষণ হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনযাত্রা। তুষারাবৃত উপত্যকার বুক চিরে ছুটে চলা এই ট্রেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বরফে মোড়া চারপাশ দেখে নেটিজেনদের অনেকে কাশ্মীরকে ‘মিনি সুইজারল্যান্ড’ আখ্যা দিয়েছেন।
বিজ্ঞাপন
বিমানে চড়ে আকাশ থেকে কাশ্মীরের সৌন্দর্য দেখা যায় ঠিকই, তবে ট্রেনে বসে পাহাড়, গাছপালা ও বরফে ঢাকা রেলপথ দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। ভাইরাল ভিডিওটি সেই অভিজ্ঞতারই ঝলক তুলে ধরেছে।
বানিহাল অঞ্চলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চারদিকের সাদা বরফের মাঝে কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস নজর কাড়ছে। তুষারে ঢাকা রেলস্টেশন ও রেললাইন মিলিয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য, যেন কোনো ছবির পোস্টকার্ড বাস্তবে ধরা দিয়েছে। ট্রেনের জানালা দিয়ে তুষারাবৃত পাহাড় ও গাছপালার এমন দৃশ্য যাত্রীদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে।
ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমি দরজার পাশে বসবো। দৃশ্যটা অসাধারণ লাগছে।” অন্য একজন লিখেছেন, “জানুয়ারি মাসে এই জায়গা সবচেয়ে সুন্দর দেখায়।” কেউ কেউ এই ট্রেনযাত্রাকে স্বপ্নের ভ্রমণও বলেছেন।
তুষারে ঢাকা পাহাড় ও গাছপালার সৌন্দর্য দেখতে চাইলে শীতকাল কাশ্মীর ভ্রমণের অন্যতম আকর্ষণীয় সময়। বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তুষারপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হলে উপত্যকা আরও মনোরম হয়ে ওঠে। তবে তুষারপাতের সময় ও পরিমাণ প্রতিবছর এক থাকে না। তাই পরিকল্পনার আগে আবহাওয়ার পূর্বাভাস এবং রেল পরিষেবার সর্বশেষ তথ্য জেনে নেওয়া জরুরি। সকালের ট্রেনযাত্রায় দিনের আলোয় উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ মেলে। বিশেষ করে বানিহাল অঞ্চলের বরফে ঢাকা পাহাড়, গাছপালা ও রেলপথের দৃশ্য যাত্রীদের বাড়তি আনন্দ দেয়।
বিজ্ঞাপন
এই যাত্রার অভিজ্ঞতা নিতে চাইলে ভারতীয় রেলের সরকারি বুকিং ওয়েবসাইট আইআরসিটিসি-এর মাধ্যমে টিকিটের খোঁজ নেওয়া যায়। ওয়েবসাইটে ঢুকে যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য ও ভ্রমণের তারিখ নির্বাচন করে ট্রেনের তালিকা দেখতে হয়। এরপর পছন্দের ট্রেন ও আসনশ্রেণি বেছে নিয়ে যাত্রীদের তথ্য পূরণ এবং অনলাইনে অর্থ পরিশোধের মাধ্যমে বুকিং সম্পন্ন করা যায়।