বয়স ৬০ বছর। জীবনের এই পর্যায়ে এসে কি নিজের সন্তানের অভাব অনুভব করছেন সালমান খান? বলিপাড়ার এই পপুলার তারকাকে ঘিরে এখন এমনই জল্পনা চলছে। শোনা যাচ্ছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ কর্ন’-এর নবম সিজনে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু গোপন কথা প্রকাশ করবেন তিনি। সেখানেই নাকি নিজের বাবা হওয়ার ইচ্ছার কথা স্বীকার করেছেন অভিনেতা।
অনুষ্ঠানে সালমানের কাছে প্রশ্ন রাখা হয়, নিজের সন্তান না থাকার অভাব কি তিনি অনুভব করেন? উত্তরে নাকি সালমান স্বীকার করেছেন, তিনি নিজের সন্তান চান। পাশাপাশি ভাইজান পরিবার ও মানসিক নির্ভরতার গুরুত্ব এবং জীবনে একজন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন বলে জানা গেছে।
সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। দীর্ঘদিন ধরেই রুমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। পরিবারের নানা অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক জায়গায় তাদের একসঙ্গে উপস্থিতি এই সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো স্পষ্ট করে কিছু জানাননি তাদের কেউই।
‘কফি উইথ কর্ন’-এর নতুন সিজনের প্রচার ঝলকেও তাদের বেশ কিছু মজার মুহূর্ত দেখা গেছে। সেখানে সালমানকে রসিকতা করে বলতে শোনা যায়, ‘কফি উইথ কর্ন-এর পরে হবে কফি উইথ সালমান।’ তার এই কথা শুনে হেসে ওঠেন করণ জোহর।
এরপরই সালমানকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, ‘আপনি কি এখনো কুমার?’ প্রশ্ন শুনে মজার ছলে অভিনেতার জবাব ছিল, ‘সংযত হও ভাই, সংযত হও।’ দুই তারকার কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের স্মৃতিও। উল্লেখ্য, আগের এক সিজনে সালমান দাবি করেছিলেন যে তিনি এখনও কুমার এবং কুমারত্ব হারাননি।
পুরোনো প্রসঙ্গ নিয়ে হাসাহাসি হলেও করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত হয়েছেন। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, ‘এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।’
আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হচ্ছে ‘কফি উইথ কর্ন’-এর নবম সিজন। প্রথম পর্বেই কর্ণের মুখোমুখি হচ্ছেন সালমান খান। একইসঙ্গে জানা যাচ্ছে, এটিই হতে চলেছে এই শোয়ের অন্তিম সিজন। আর এর মাধ্যমেই প্রায় ২২ বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে ‘কফি উইথ কর্ন’-এর।
সূত্র: জুম টিভি এন্টারটেইনমেন্ট







মন্তব্য