জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর পরিচালক সাইদুজ্জামান সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিএন্ডআইটি)।
গঠিত কমিটির কার্যপরিধি হলো ইউএনডিপি কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ করা এবং ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।
প্রয়োজন অনুযায়ী কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।








মন্তব্য