‘কাগজ’-এর পর আবারও নতুন সিনেমা নির্মাণে চলচ্চিত্র পরিচালক আলী জুলফিকার জাহেদী। তার দ্বিতীয় সিনেমার নাম ‘জানালার ওপারে কেউ নেই’। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। আদ্রীয়ান প্রডাকশনসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির দৃশ্যধারণ হচ্ছে ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে।
নির্মাতা সূত্রে জানা গেছে, মনস্তাত্ত্বিক ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। সমসাময়িক সমাজে মানুষের একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং বাহ্যিক জীবনের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি ও অপ্রকাশিত বাস্তবতার নানা দিক উঠে আসবে এর গল্পে। নির্মাণকাজ শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হবে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিফাত আমিন শুভ, আদ্রিতা, সাকিব হোসেন, লারা লোটাস, আনোয়ার শাহী, গোলাম ফরিদা ছন্দা, রাজু সরকার ও সাইফুর রহমান ইভান। শিশু শিল্পী হিসেবে রয়েছেন রুদ্র রায় ও নাওমি।
‘জানালার ওপারে কেউ নেই’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন মুখ আদ্রিতার। নতুন ও অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের দল। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইসমাইল হোসেন লিটন। গল্পের প্রয়োজন অনুযায়ী ঢাকার বিভিন্ন বাস্তব লোকেশনে দৃশ্যধারণ করা হচ্ছে বলে পরিচালক জানিয়েছেন।
জাহেদী জানান, চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ প্রধান চরিত্রে পাকিস্তানের একজন অভিনেত্রীর অভিনয়ের কথা রয়েছে। তবে এখনই তার নাম প্রকাশ করতে চান না নির্মাতা। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তার নাম ও চরিত্র সম্পর্কে জানানো হবে।
আলী জুলফিকার জাহেদী বলেন, ‘মানুষের বাহ্যিক জীবনের আড়ালে অনেক অনুভূতি ও না বলা কথা লুকিয়ে থাকে। সম্পর্কেরও এমন কিছু দিক আছে, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না। এই চলচ্চিত্রে সেই অদেখা দিকগুলো গল্প ও চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। আমি চাই দর্শক শুধু গল্পটি দেখবেন না, চরিত্রগুলোর একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং তাদের ভেতরের অনুভূতিগুলোও উপলব্ধি করবেন।’
এর আগে আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ: দ্য পেপার’। তার নির্মিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন স্বীকৃতি পেয়েছে।








মন্তব্য