পদ্মা-মেঘনায় আজ থেকে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা

পদ্মা-মেঘনায় আজ থেকে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।…

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, সে লক্ষ্যেই প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই সময়ে মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বাড়বে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীসংলগ্ন খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীতে নজরদারি ও অভিযানও জোরদার করা হবে।

এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগেই চাঁদপুরের জেলেরা নদী থেকে নৌকা ও জাল তীরে তুলে আনতে শুরু করেছেন। জেলার ৫০ হাজারের বেশি জেলে এখন নদীর বদলে তীরেই ব্যস্ত সময় পার করছেন। কোথাও নৌকা মেরামত করা হচ্ছে, আবার কোথাও জাল শুকিয়ে নিরাপদে তুলে রাখা হচ্ছে।

নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সহায়তায় চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন