দিনব্যাপী সরকারি সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে সকাল ৮টা ৪০ মিনিটে পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ফেনীতে পৌঁছানোর পর তার গাড়িবহর পরশুরামের দিকে রওনা হয়েছে।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ-সংক্রান্ত একটি প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠে খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
পরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।








মন্তব্য