শীতের আগেই ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন! কারণ জানাল আবহাওয়া অফিস

শীতের আগেই ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন! কারণ জানাল আবহাওয়া অফিস

শীতের আগমনের এখনো বেশ কিছুটা সময় বাকি। এরই মধ্যে ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশে কুয়াশার মতো আবছা ভাব দেখা যাচ্ছে। এতে অনেকের মনে প্রশ্ন উঠেছে, শীত আসার আগেই কি কুয়াশা পড়তে শুরু করেছে? আবহাওয়া অধিদপ্তর…

শীতের আগমনের এখনো বেশ কিছুটা সময় বাকি। এরই মধ্যে ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশে কুয়াশার মতো আবছা ভাব দেখা যাচ্ছে। এতে অনেকের মনে প্রশ্ন উঠেছে, শীত আসার আগেই কি কুয়াশা পড়তে শুরু করেছে?

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার আকাশে বর্তমানে যে আবছা কুয়াশার মতো ভাব দেখা যাচ্ছে, সেটিকে পুরোপুরি কুয়াশা বলা ঠিক হবে না। রাতের দৈর্ঘ্য বাড়তে থাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যাওয়া, বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি এবং ঢাকার বাতাসে ধুলিকণার আধিক্যের কারণে ভোরের দিকে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক কালবেলাকে বলেন, ‘২৩ সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে রাতের ব্যাপ্তি বাড়তে থাকে এবং দিনের দৈর্ঘ্য কমে আসে। ফলে রাতের বেলায় আকাশ পরিষ্কার থাকলে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাধ্যমে বের হয়ে যায়। এ প্রক্রিয়াকে ‘রেডিয়েশন কুলিং’ বলা হয়।’

তিনি বলেন, ‘রাতের দিকে রেডিয়েশন কুলিংয়ের কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যায়। এর ওপরের বাতাসের তাপমাত্রাও কিছুটা কমে আসে। বাতাসে জলীয়বাষ্প থাকলে তা ঘনীভূত হয়। একই সঙ্গে ঢাকার বাতাসে ধুলিকণা ও বিভিন্ন ধরনের দূষিত কণার পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে আবছা বা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে।’

এই আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তা মূলত কুয়াশার না, এটা ধোঁয়াশার। এতে দৃষ্টিসীমাও কিছুটা কমে আসে এবং দূর থেকে কুয়াশার মতো মনে হতে পারে।

তবে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলে এরই মধ্যে হালকা কুয়াশার মতো পরিবেশ তৈরি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে তেঁতুলিয়াসহ উত্তরাঞ্চলের কিছু এলাকায় ভোরে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি বলেন, উত্তরাঞ্চলে হালকা কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলা যেতে পারে। সেখানে ফগ ও স্মগ- দুই ধরনের প্রভাবই থাকতে পারে।

শীত কবে আসবে জানতে চাইলে এই আবহাওয়াবিদ আরও বলেন, নভেম্বরের শেষ দিকে শীতের আগমনী বার্তা পাওয়া যাবে।

এদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে ঢাকা। বায়ুমান সূচকে বাংলাদেশের রাজধানীর স্কোর ২৩৪। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কলকাতা, যার স্কোর ১৯৮। সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন