হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে আগামীকাল রোববারের (১১ অক্টোবর) মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক জমার মূল রসিদ দাখিলের জরুরি নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (০৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা…

২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে আগামীকাল রোববারের (১১ অক্টোবর) মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক জমার মূল রসিদ দাখিলের জরুরি নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (০৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক সরকারি নোটিশে জানানো হয়, ২০২৭ সালের হজ কার্যক্রমে নিবন্ধিত ১০০ জন বা তার বেশি হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সির প্রতিটিকে ১টি করে মিশন ভিসা প্রদান করা হবে। এছাড়া নিবন্ধিত হজযাত্রী ১০০ জনের কম হওয়া সত্ত্বেও ৮টি লিড এজেন্সি এবং ২টি মোনাজ্জেম এজেন্সিকে ১টি করে মোট ২৭০টি হজ মিশন ভিসা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক/মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর পূরণ করতে হবে। আগামীকাল রোববারের মধ্যে নির্ধারিত নম্বরে (01921-467718) হোয়াটসঅ্যাপে সফটকপি এবং এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপি দাখিল করতে বলা হয়েছে।

মিশন ভিসা প্রাপ্তির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ধার্যকৃত ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে। এসব ফি ধর্ম মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার হিসাব নম্বর ০০২-০০০২৬৩০০০০৯০৮ (Sale Proceeds of Haj Deposit)-এ জমা দিয়ে জমার মূল রসিদ ঢাকার আশকোনাস্থ হজ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিমান ভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে নিজেদেরই বহন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন